মুক্তিপণ দিয়ে ৭দিন পর ছাড়া পেল অপহৃত দুই যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৪ জুলাই ২০১৭

অপহরণের সাতদিনের মাথায় মুক্তিপণ পরিশোধ করে অবশেষে বাড়ি ফিরেছেন কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে মোটরসাইকেলসহ অপহৃত দু’যুবক নুরুল আমিন ও সাদ্দাম হোসেন। 

শুক্রবার ভোর ৫টার দিকে অপহরণ স্থান ব্যাঙডেবা এলাকাতেই তাদের ছেড়ে দিয়ে যায় দুর্বৃত্তরা। গত ৭ জুলাই কক্সবাজার সদরের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের পাহাড় ঘেরা ব্যাঙডেবা এলাকায় রাত ১০টার দিকে গুলি করে থামিয়ে মোটরসাইকেলসহ তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

অপহৃতরা হলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের পুনর্বাসন পাড়ার মোহাম্মদ করিমের ছেলে মোটর সাইকেল চালক নুরুল আমিন (২৬) ও বাইশারির থানা পাহাড় এলাকার ওসমান গণির ছেলে মাদরাসা ছাত্র সাদ্দাম হোসেন (৩০)।

এসময় পালিয়ে রক্ষা পেয়েছেন, পুনর্বাসন পাড়ার মোহাম্মদ সাদিকের ছেলে জসীম উদ্দিন (২৬)।

অপহৃত সাদ্দামের বাবা উসমান গনী জানান, অপহরণের পর অপরিচিত এক মোবাইল নম্বর থেকে মুক্তিপণের টাকা দাবি করে দুর্বৃত্তরা। কিন্তু তাদের উদ্ধারে বিজিবি-পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকায় অপহরণকারীরা ওই সময় টাকা নিয়ে কোথায় আসতে হবে বলেনি। ৫ দিন অতিবাহিত হওয়ার পরও কোনো সফলতা না পাওয়ায় অভিযানকারীরা ক্ষান্ত দেয়। এরপর দুর্বৃত্তরা বিকাশ নাম্বার দিলে সেখানে দু’জনের জন্য মুক্তিপণ বাবদ ৯০ হাজার টাকা পাঠানোর পর অপহরণস্থলেই তাদের ছেড়ে দিয়ে যায়। 

বাইশরী পুলিশ তাদেরকে উদ্ধার করে নিজ বাড়িতে পৌঁছে দেন। ফিরে আসা যুবকরা প্রহৃত হয়েছেন এবং শারীরিকভাবে দুর্বল বলে মনে হয়েছে। তবে তারা কোনো কথাই বলতে চাচ্ছে না।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবু মুছা তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই নাইক্ষংছড়ি বিজিবি ও বাইশারী, রামু এবং ঈদগাঁও পুলিশের যৌথ অভিযান অব্যহত ছিল। 

মুক্তিপণ  ও নির্যাতনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেখেই বুঝা যাচ্ছে অপহৃতদের শারীরিক নির্যাতন করা হয়েছে। তবে মুক্তিপণের বিষয়টি তিনি অবগত নন বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ৭ জুলাই নুরুল আমিন তার ভাড়ায় চালানো মোটরসাইকেলে সাদ্দাম হোসেন ও জসিম উদ্দিনকে নিয়ে বাড়ি ফেরার পথে রামুর ঈদগড়ের ব্যাঙডেবা এলাকায় ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল সড়কে গাছ ফেলে ব্যারিকেট দিয়ে ও গুলি করে তাদের দুজনকে অপহরণ করে নিয়ে যায়।

বাইশারী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আলমও অপহৃত দু’যুবক ফিরে আসার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে উদ্বিগ্নতায় চলাচল করছে পাহাড়ের লোকজন।

সায়ীদ আলমগীর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।