নওগাঁ

মানবাধিকার সংগঠনের আড়ালে নির্বাচন বানচালের ছক আ’লীগ নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০১:০৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

রাত পেরোলেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এরই মাঝে নওগাঁয় নির্বাচন বানচালে চেষ্টায় সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। জেলায় বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) নামে একটি মানবাধিকার সংগঠনের আড়ালে নানান ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উপদেষ্টা চন্দন কুমার দেবের বিরুদ্ধে। তাকে ভোট শুরুর আগেই আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক দলের নেতারা।

অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের অধীনে গত ৩টি বিতর্কিত সংসদ নির্বাচনে নওগাঁয় ভোটের মাঠে পর্যবেক্ষকের দায়িত্বে ছিল বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)। সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা চন্দন কুমার দেব ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্রের অতি ঘনিষ্ঠ। সেই সুবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের জেলা কমিটিতে চন্দন ছিলেন উপদেষ্টা পদে। আওয়ামী লীগের শাসনামলে সরকারি সব কর্মসূচিতে সামনের সারির চেয়ার রাখা হতো তার জন্য।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ দিন গা ঢাকা দিয়ে পালিয়ে ছিলেন চন্দন। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের লুকিয়ে থাকা নেতাকর্মীদের নিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছেন তিনি। ভোটের ঠিক দুই দিন আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের ফুড প্যালেস রেস্তোরাঁয় একটি মতবিনিময় সভা করে বিএইচআরসি। যেখানে যুব মহিলা লীগ নেত্রী পারুলসহ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের উপস্থিত থাকতে দেখা যায়।

মানবাধিকার সংগঠনের আড়ালে নির্বাচন বানচালের ছক আ’লীগ নেতার

অভিযোগ উঠেছে, নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার সংগঠনের নামে সংগঠিত হয়ে ভোট বানচালের চেষ্টা করছেন চন্দন কুমার দেব। ভোটের দিন কয়েকটি টিমে বিভক্ত হয়ে গোপনে কাজ করবে তার সংগঠনের লেবাসে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। যাদের মানবাধিকার সংগঠনের নামে বিভিন্ন আইডি কার্ড দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া নওগাঁর ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বী বলেন, এবারের নির্বাচনে জেলার মোট ভোটারের প্রায় এক তৃতীয়াংশের বয়সই ১৮-৩৩ বছরের মধ্যে। যারা মুখিয়ে আছেন ভোটকেন্দ্রের দিকে। পলাতক আওয়ামী লীগের এমপিদের অ্যাজেন্ডা বাস্তবায়নকারী মানবাধিকার সংগঠনের ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নওগাঁ জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ বলেন, ভোটের বাইক মাত্র একদিন। এ সময়ে আমরা বিভিন্নভাবে খবর পাচ্ছি মানবাধিকার সংগঠনের নামে চন্দন কুমার দেব পলাতক নেতাকর্মীদের সংগঠিত করছেন। মানবাধিকার সংস্থার নামে তারা ভোটের মাঠে নাশকতার পরিকল্পনা করতে পারে। ভোট সুষ্ঠুভাবে সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপচেষ্টাকারীদের রুখে দেবেন এমনটাই আশা করছি।

জেলা যুবদলের সদস্যসচিব রুহুল আমিন মুক্তার বলেন, আওয়ামী ঘরানার মানবাধিকার সংগঠনগুলোকে এতদিন দেখা যেতো না। হঠাৎ করে নির্বাচনের আগে তাদের সক্রিয় হয়ে ওঠা আমাদের উদ্বিগ্ন করছে। ভোটের ২ দিন আগে তারা মতবিনিময়ের নামে একত্রিত হয়েছে। সারা নওগাঁতেই তাদের উপস্থিতি দেখা যাচ্ছে। প্রশাসনের উদাসীন না থেকে এদের প্রতি নজরদারি রাখতে হবে। কারণ এরাই ফ্যাসিস্ট হাসিনার আমলে মানবাধিকারের নামে ভোট ইঞ্জিনিয়ারিয়ে সহযোগিতা করেছে।

মানবাধিকার সংগঠনের আড়ালে নির্বাচন বানচালের ছক আ’লীগ নেতার

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উপদেষ্টা চন্দন কুমার দেব নিজেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে দাবি করেন। তিনি বলেন, আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ছিলাম এটা সত্য। তবে শেখ রাসেল শিশু কিশোর পরিষদে ছিলাম না। এসব সাংস্কৃতিক সংগঠন। বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) একটি অরাজনৈতিক সংগঠন। ভোটের মাঠে অস্থিরতা সৃষ্টির অভিযোগ পুরোটাই ভিত্তিহীন।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, মানবাধিকারের নাম করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে চন্দন গোপন বৈঠক করেছেন এমন তথ্য আমাদের কাছে এসেছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হবে। সকল ধরনের ভোট বানচালের চেষ্টা আমরা রুখে দেবো।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সাইবার টিমকে অ্যাক্টিভ রাখা হয়েছে। ভোটবানাচালের অপচেষ্টাকারীদের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে ১১টি থানার ওসিদের নির্দেশনা দেওয়া আছে।

আরমান হোসেন রুমন/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।