নারায়ণগঞ্জে মাসহিস্ট্রোরিয়া রোগে ৩০ শ্রমিক আক্রান্ত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাস দাউদপুর এলাকার একটি পোশাক কারখানায় বাসহিস্ট্রোরিয়া রোগে আক্রান্ত হয়েছেন নারীসহ অন্তত ৩০ জন শ্রমিক। বাসহিস্ট্রোরিয়া রোগ আতঙ্কে তাৎক্ষণিক ওই পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকার বেকটেক্স নামে পোশাক কারখানার শ্রমিকরা এ রোগে আক্রান্ত হন। আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাপু তানজিদা।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক কিমানুর রহমান জাগো নিউজকে জানান, বেকটেক্স নামে পোশাক কারখানায় প্রায় আড়াইশ শ্রমিক কাজ করেন। কর্মস্থলে যোগদানের পর সকাল থেকে হঠাৎ করে শ্রমিকরা একে একে আক্রান্ত হতে থাকেন। এরপর তারা অজ্ঞান হয়ে পড়েন।
শ্রমিক আরমান মিয়া, রহিমা বেগম, জসিম মিয়া, রুনা আক্তার, শাহিনা বেগম, আমেনা আক্তার, আমিনুল ইসলাম, জাহের আলী, ইমান হোসেন, আব্বাস মিয়া, সামসুল আলমসহ অন্তত ৩০ শ্রমিক এ রোগে আক্রান্ত হন। খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসকদল ঘটনাস্থলে এসে আক্রান্ত শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কালীগঞ্জ ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এসময় পুরো কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একের পর এক শ্রমিকরা এ রোগে আক্রান্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে কারখানা ছুটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন জাগো নিউজকে জানান, চিকিৎসক দলের সঙ্গে কথা বলে কারখানা চালুর বিষয়টি নিশ্চিত করা হবে।
মীর আব্দুল আলীম/এমজেড/পিআর