গাজীপুরে ডাকাতদের হামলায় আহত ৫
গাজীপুরের শ্রীপুর পৌর শহরের উত্তরপাড়া বসু বাড়িতে ডাকাতদের হামলায় স্ত্রী, দুই ছেলে ও ভাগিনাসহ ৫ জন আহত হয়েছেন। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, গৃহকর্তা উত্তম দে (৫০), স্ত্রী নমিতা রানী (৩৬), ছেলে শুভ দে (১৮), শান্ত দে (১৩) ও ভাগিনা সজীব (২০)। বাবা ও তিন ছেলেকে গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৃহকর্তী নমিতা রানী ও ভাগিনা সজীবকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
গৃহকর্তী নমিতা রানী অভিযোগ করেন, ডাকাতিতে বাধা দেয়ার কারণে তাদের কুপিয়ে আহত করা হয়েছে। তিনি আরো জানান, রাত দুইটার দিকে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করনে। তারা প্রথমে ঘরের আসবাবপত্র তছনছ করে আলমিরা ভাঙতে চাইলে পাশের কক্ষ থেকে তার ছেলেরা মুঠোফোনে প্রতিবেশিদের এগিয়ে আসতে বলে। এসময় দুর্বৃত্তরা চার আনা ওজনের দুটি কানের দুল ও দুটি মুঠোফোন নিয়ে দুই ছেলের ঘরের দরজা ভেঙে তাদেরকেও উপর্যুপরি কোপান। প্রতিবেশিরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা প্রতিবেশি সজীবকেও কুপিয়ে আহত করে পালিয়ে যান।
এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে গুরুতর আহত ব্যবসায়ী উত্তম দে এবং তার দুই ছেলে শুভ ও শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া জাগো নিউজকে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস