বিকেলে নজরুল জন্মজয়ন্তী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৬:০৫ এএম, ২৫ মে ২০১৫

সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী। এ বছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান কুমিল্লায় উদযাপন হচ্ছে। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা টাউন হল মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।

এর আগে ১৯৯২ সালে কুমিল্লায় জাতীয়ভাবে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হয়। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুমিল্লা মহানগরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে, নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী `কুমিল্লা বিভাগ` এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এমন আশায় সর্বত্র উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। কুমিল্লা মহানগর ও জেলার মুরাদনগরের কবি তীর্থ দৌলতপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত কবি নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে ২৫৫ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে জেলার বিভিন্ন এলাকার ১৯টি প্রকল্পের প্রতিকী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে ১৭৭ কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১০টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ৭৭ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে ২৫ থেকে ২৭ মে পর্যন্ত তার অম্লান স্মৃতি বিজড়িত কুমিল্লায় তিন দিনব্যাপী বর্নাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ হাসিনা ২৫ মে বিকেলে নজরুল জন্মবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার, নজরুল ইনস্টিটিউট ট্রাস্ট্রি বোর্ডের সভাপতি প্রফেসর এমিরিটাস রফিকুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম আকতারী মমতাজ এবং স্বারক বক্তব্য রাখবেন অধ্যাপক শান্তনু কায়সার।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে কুমিল্লা টাউন হল মাঠে আলোচনা সভা ছাড়াও কুমিল্লা জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক এর ‘অঞ্জলি লহ মোর’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের এমপি অধ্যাপক মো. আলী আশরাফ।

২৭ মে সমাপনী দিনে আলোচনা সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ অ্যাড. আবদুল মতিন খসরু। এছাড়াও প্রতিদিন নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে মুরাদনগরের কবিতীর্থ দৌলতপুরে দুই দিনব্যাপী (২৫ ও ২৬ মে) পৃথক অনুষ্ঠানমালার আয়োজন করেছে স্থানীয় প্রশাসন। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নার্গিস-নজরুল শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘আলেয়া’ নাটক পরিবেশন করা হবে। মঙ্গলবার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ইউছুফ আবদুল্লাহ হারুন।

মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।