গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২২ জুলাই ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূ রাবেয়া আক্তারকে (২৬) শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পর যৌতুক লোভী স্বামী তপু সারোয়ার পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে নিহতের স্বামীকে খুঁজছে পুলিশ।

শনিবার সোনারগাঁ পৌরসভার চিলারবাগ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের মরদহে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা রহিমা খাতুন বাদী হয়ে শনিবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় মামলা করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর আগে মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামের মজিবর রহমানের মেয়ে রাবেয়া আক্তারের সঙ্গে সোনারগাঁ পৌরসভার চিলারবাগ গ্রামের আ. হক মিয়ার ছেলে তপুর বিয়ে হয়।

বিয়ের সময় জামাতার ব্যবসার কথা চিন্তা করে শ্বশুর বাড়ি থেকে নগদ দুই লাখ টাকা দেয়া হয়। এর দুই বছর যেতে না যেতে আবারও স্বামী তপু তার স্ত্রীকে আরও টাকা এনে দিতে বলে এবং এনে না দিলে তার সঙ্গে সংসার না করার হুমকি দেয়।

গত কয়েকদিন ধরে রাবেয়ার বাবার বাড়ি থেকে আবারও যৌতুক বাবদ দুই লাখ টাকা এনে দেয়ার জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে গত শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর বাক-বিতণ্ডা হয়।

শনিবার ভোরে স্বামী তপু তার স্ত্রী রাবেয়াকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে রাবেয়াকে শ্বাসরোধে হত্যা করে তপু পালিয়ে যায়। পরে রাবেয়ার বড় ছেলে তানিম ডাক চিৎকারে প্রতিবেশীরা গিয়ে দেখেন রাবেয়ার মরদেহ খাটের উপর পড়ে রয়েছে। এ সময় এলাকাবাসী পুলিশকে খবর দিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত রাবেয়ার তানিম (৬) ও তানভীর নামের দুই ছেলে রয়েছে।

সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো: তানভীর আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পরই বলা যাবে মৃত্যুর আসল কারণ। এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী তপু পলাতক রয়েছে। তাকে খুঁজছে পুলিশ।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।