পাঁচ খুন মামলার যুক্তি-তর্ক ৩০ জুলাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৩ জুলাই ২০১৭

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর পাঁচ খুন মামলার একমাত্র আসামি মাহফুজের উপস্থিতিতে তার অপরাধ পড়ে শুনিয়েছে আদালতের পাবলিক প্রশিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন। আর আসামির অপরাধ পড়ানো শেষে আদালত আগামী ৩০ জুলাই যুক্তি-তর্কের দিন নির্ধারণ করেছেন।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আকতারের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতের পাবলিক প্রশিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোট ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এরপর ৩৪২ ধারায় আসামিকে অপরাধ পড়ে শুনিয়েছি। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে স্টেট ডিফেন্স হিসেবে সাবেক পিপি অ্যাডভোকেট সুলতানুজ্জামান আসামির পক্ষে উপস্থিত ছিলেন। পরবর্তী কার্যক্রম শেষে রায় ঘোষণা করবেন আদালত।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ জানুয়ারি রাতে শহরের বাবুরাইল এলাকা থেকে তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোট ভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়ার (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন ১৭ জানুয়ারি সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে তার ভাগ্নে মাহফুজ, ঢাকার কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে সন্দেহভাজন আসামি হিসেবে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। ওদিন রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরদিন মাহফুজ ও নাজমাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ২১ জানুয়ারি আদালতে মাহফুজের ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন।

সেখানে তিনি বলেন, মামির সঙ্গে পরকীয়ার জের ধরে অবৈধভাবে শারীরিক মেলামেশা করতে না পারার ক্ষোভ থেকেই একে একে পাঁচজনকে হত্যা করা হয়।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।