রূপগঞ্জে আরও ৬ এসএমজি রাইফেল উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৪ জুলাই ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আরও ছয়টি এসএমজি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার পূর্বাচল উপশহরের ৫ নম্বর লেক এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, স্থানীয় গোবিন্দপুর এলাকার সামসুল হক মোল্লার ছেলে খায়রুল মোল্লা বিকেলে পূর্বাচল উপশহরের ৫ নম্বর লেক এলাকায় প্রস্রাব করতে যান। 

এ সময় লেকের পাশেই একটি ঝাড়ের ভেতরে এসএমজি চাইনিজ রাইফেল দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখান থেকে ছয়টি এসএমজি চাইনিজ রাইফেল উদ্ধার করেন। 

প্রসঙ্গত, গত ১ জুন বৃহস্পতিবার গভীর রাত থেকে রূপগঞ্জের পূর্বাচলে ৫নং সেক্টর ও পূর্বাচলের ব্লু সিটি হাউজিং এলাকাতে ৬২টি সাব মেশিন গান (এসএমজি), দূরবীনযুক্ত দুটি রকেট লাঞ্চার, ৪৪টি ম্যাগাজিন,৭ পয়েন্ট ৬২ বোর ও নাইন এমএম ৫টি পিস্তল, দুটি ওয়াকিটকি, ৪২ হ্যান্ড গ্রেনেড ও ৫ বস্তা গুলি, ডেটোনেটর ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। 

গত ৩ জুন উপজেলার ভোলাব ইউনিয়নের বাসন্দা (পাইশকা) এলাকার শীতলক্ষ্যা নদী থেকে আরও ৫টি এসএমজি অস্ত্র উদ্ধার করা হয়। 

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা করেছেন। ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি একজন পলাতক রয়েছে। 

মীর আব্দুল আলীম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।