ইমরানসহ তিনজনের বিরুদ্ধে ফের সমন জারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৭ জুলাই ২০১৭
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে কটূক্তি করায় গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারসহ তিনজনের বিরুদ্ধে ফের সমন জারি করেছেন গাজীপুরের একটি আদালত। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন।

এ মামলার অপর আসামিরা হলেন গণজাগরণ মঞ্চের কর্মী সনাতন উল্লাস ও নাসির উদ্দিন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, পূর্বেই তাদের বিরুদ্ধে সমন জারি ছিল। আজ আসামিদের আদালতে হাজির হওয়ার কথা ছিল। সমন ফেরত না আসায় ফের আদালত সমন জারি করেছেন। বিজ্ঞ আদালত আগামী ২৩ অক্টোবর স্বশরীরে তাদের আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের আদেশ দিয়েছেন।

গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু বাদী হয়ে গত ৩১ মে গাজীপুর আদালতে মামলাটি দায়ের করেছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশে কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক মূর্তি অপসারণ করে অন্য স্থানে প্রতিস্থাপন করার বিরুদ্ধে গত ২৬ মে গণজাগরণ মঞ্চের একাংশের নেতা ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগ থেকে টিএসসি চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। যা মশাল মিছিলে পরিণত হয়। উক্ত মিছিলে সনাতন উল্লাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেয় এবং মিছিলরত ২০-২৫ জন স্লোগানে সুর দেয়।

এ ছাড়া ২৬ মে রাতে সনাতন উল্লাসের ফেসবুক আইডিতে বাদী ওই স্লোগান দেখেন ও শুনেন। এতে বাদী মর্মামত ও স্তম্বিত হন এবং মনে করেন এতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি হয়েছে। তাছাড়া জনসম্মুখে মাননীয় প্রধানমন্ত্রীকে বিদ্রুপাত্মক ও ব্যঙ্গাত্মক স্লোগান দিয়ে তাঁর এবং বাদীর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচশত কোটি টাকার সুনাম ক্ষুণ্ন হয়েছে। বাদী তার আর্জিতে অভিযুক্তদের উপরোক্ত অপরাধের কারণে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ১১৪ ধারায় অপরাধটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।