আ.লীগ প্রার্থীকে জেতাতে বিএনপি প্রার্থী কারাগারে!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৮ জুলাই ২০১৭

কুমিল্লায় এক ইউপির উপ-নির্বাচনকে সামনে রেখে বিনা মামলা ও বিনা ওয়ারেন্টে মানিক মিয়া নামে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থীকে আটক করে ডাকাতির মামলায় গ্রেফতার দেখিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

ওই পদে সরকারদলীয় একজন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার উদ্দেশ্যে মানিক মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন দফতরে অভিযোগ দেন বিএনপি প্রার্থীর স্ত্রী পিপাসা আক্তার।

এদিকে, থানা পুলিশের হাতে গ্রেফতার মানিক শুক্রবার পর্যন্ত ১৬ দিন ধরে জেলহাজতে থাকায় এবং সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক তার মনোনয়নপত্রে স্বাক্ষরের প্রক্রিয়া সম্পন্ন না করায় বিএনপির ওই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না।

হয়রানির শিকার মানিক মিয়া জেলার সদর দক্ষিণ উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বলিপদুয়া গ্রামের রাজা মিয়ার ছেলে এবং ওই ইউনিয়ন যুবদলের সভাপতি। আগামী ২০ আগস্ট ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে শুক্রবার দুপুরে মানিক মিয়ার স্ত্রী পিপাসা আক্তার সাংবাদিকদের বলেন, আমার স্বামী নির্দোষ, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নেই। বিএনপির রাজনীতি করায় এবং চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় সরকার তাকে ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সদর দক্ষিণ উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ৮নং বাগমারা দক্ষিণ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মারা যাওয়ায় পদটি শূন্য হয়। ওই পদে ২০ আগস্ট উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই পদে আওয়ামী লীগ মনোনীত দলের সদর দক্ষিণ উপজেলা সভাপতি আবদুল মালেক ও বিএনপি মনোনীত মানিক মিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুইজনের মধ্যে আওয়ামী লীগের আবদুল মালেক মনোনয়নপত্র দাখিল করেছেন। এতে একজন প্রার্থী হওয়ায় ২ আগস্ট বাছাইয়ের পরদিন আবদুল মালেককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করা হবে।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মানিক মিয়াকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়েছে। তিনি ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। নির্বাচনকে সামনে রেখে তাকে গ্রেফতার করে ডাকাতির মামলা দিয়ে হয়রানির অভিযোগ সঠিক নয় বলেও দাবি তার।

মো. কামাল উদ্দিন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।