না.গঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ৩ কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব শান্তিপূর্ণভাবে যাতে উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বন্দর উপজেলা প্রশাসনের সহযোগিতায় লাঙ্গলবন্দের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন তালিকার মাধ্যমে ৯১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন এবং অনেকে নিজে নিজে মালামাল সরিয়ে নিয়ে যান।
বন্দর উপজেলার ভারপ্রাপ্ত নিবার্হী অফিসার (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিকের নেতৃত্বে অবৈধ উচ্ছেদ পরিচালিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত উল্লাহ পাটোয়ারী। উচ্ছেদে অভিযানে অতিরিক্ত র্যাব, পুলিশ এবং আমর্ড পুলিশ অংশগ্রহণ করে।
এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে সম্পূর্ণ ধর্মীয় নিয়ম অনুসারে পুরোহিতদের উপস্থিতিতে মন্দিরগুলো স্থানান্তর করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভুমি নাহিদা বারিক জাগো নিউজকে জানান, লাঙ্গলবন্দের ৩ কিলোমিটার এলাকা জুড়ে সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তালিকা তৈরি করে ৯১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ, র্যাবসহ স্থানীয় লোকজন ছাড়াও লাঙ্গলবন্দ স্নান উৎসব কমিটি ও নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আর সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
নাহিদা বারিক আরো জানান, লাঙ্গলবন্দকে একটি আর্ন্তজাতিক মানের পূর্ণাঙ্গ তীর্থস্থান হিসেবে গড়ে তুলতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রেরিত ৩৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবেই এ উচ্ছেদ করা হয়। বর্তমান সরকার লাঙ্গলবন্দকে আর্ন্তজাতিক মানের পূর্ণাঙ্গ তীর্থস্থান হিসেবে গড়ে তোলার কাজ করছে।
প্রসঙ্গত, হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ তীর্থস্থান লাঙ্গলবন্দের ২০০ বছরের ইতিহাসে গত ২৭ মার্চ প্রথম কোনো বড় ধরনের দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। এই শোকাবহ ঘটনা সবার মনেই দাগ কেটেছে।
মো.শাহাদাৎ হোসেন/এমজেড/আরআইপি