১২ বছর পর নেপালের অবিস্মরণীয় জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

দুই দলেরই বিদায় নিশ্চিত হয়ে গেছে আগে। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে নেপালের ম্যাচটি আদতে গুরুত্বহীন। তবে নেপালের জন্য এই ম্যাচটি অবিস্মরণীয় হয়েই রইলো।

টি-টোয়েন্টি বিশ্বকাপে যে দীর্ঘ ১২ বছর পর জয়ের দেখা পেয়েছে নেপাল। ওয়াংখেড়েতে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

লক্ষ্য ছিল ১৭১ রানের। ৫৪ বলে ৭৪ রানের উদ্বোধনী জুটিতে নেপালকে রান তাড়ার ভিত গড়ে দেন কুশাল ভুরতেল আর আসিফ শেখ। আসিফ ২৭ বলে ৩৩ আর ভুরতেল ৩৫ বলে খেলেন ৪৩ রানের ইনিংস। অধিনায়ক রোহিত পওদেল করেন ১৪ বলে ১৬।

এরপর দিপেন্দ্র সিং আইরি আর গুলশাল ঝার ঝোড়ো ব্যাটে জয়ের বন্দরে পৌঁছায় নেপাল। ২৩ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ফিফটি হাঁকিয়ে অপরাজিত থাকেন দিপেন্দ্র। ঝা করেন ১৭ বলে অপরাজিত ২৪।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মাইকেল জোনসের হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ১৭০ রানের পুঁজি দাঁড় করায় স্কটল্যান্ড।

৪৫ বলে ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলেন ওপেনার জোনস। আরেক ওপেনার জর্জ মুনসে করেন ২৯ বলে ধীরগতির ২৭।

তিন নম্বরে নামা ব্রেন্ডন ম্যাকমুলানের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৫। পরের ব্যাটাররা কেউই তেমন সুবিধা করতে পারেননি।

নেপালের সোমপাল কামি ৩টি এবং নন্দন যাদব নেন ২টি উইকেট।

এমএমআর/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।