গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ শেখ (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের চর প্রসন্নদী গ্রামে এ ঘটনা ঘটে। আরিফ শেখ চর প্রসন্নদী মাদরাসার শিক্ষার্থী। সে চর প্রসন্নদী গ্রামের অদুদ শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে কয়েক বন্ধুদের সঙ্গে আরিফ মাঠে ক্রিকেট খেলতে যায়। এ সময় বল মাঠ-সংলগ্ন বাচ্চু শেখের ঘরের চালের ওপর গিয়ে পড়ে। সে বলটি আনতে ওই ঘরের চালে উঠে। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে মারাত্মক আহত হয় আরিফ। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ-ফাঁড়ির আইসি আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএম হুমায়ূন কবীর/এআরএ/আরআই