১২৫ বাসে জামায়াতের সমাবেশে বগুড়ার ১০ হাজার নেতাকর্মী
গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে রাজশাহীতে আয়োজিত হচ্ছে বিভাগীয় সমাবেশে। এতে যোগ দিতে বগুড়া থেকে বিপুলসংখ্যক যানবাহনের বহর নিয়ে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা যায়, সমাবেশ সফল করতে বগুড়া জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বড় ধরনের প্রস্তুতি নেওয়া হয়। আজ সকাল থেকেই ১২৫টিরও বেশি বাস ও ডজনখানেক মাইক্রোবাসের বহর নিয়ে নেতাকর্মীরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন।
জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমাবেশে যোগ দিতে বগুড়া মহানগর শাখা থেকে ৫০টি বাস ও ৫টি মাইক্রোবাসে করে প্রায় সাড়ে ৩ হাজার নেতাকর্মী রওনা হন। অন্যদিকে বগুড়া জেলা শাখা থেকে ৭৫টি বাস এবং ৫ থেকে ৬টি মাইক্রোবাসের বহর নিয়ে রওনা হন আরও সাড়ে ৬ হাজার কর্মী। সব মিলিয়ে জেলা ও মহানগরী থেকে মোট ১২৫টি বাস এবং অন্তত ১০ থেকে ১১টি মাইক্রোবাসের বহর নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছান। এর বাইরেও অনেকে নিজস্ব উদ্যোগে বিভিন্ন যানবাহনে করে রাজশাহীতে যান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নুর মোহাম্মদ আবু তাহের মুঠোফোনে বলেন, আমরা এরই মধ্যে সমাবেশস্থল রাজশাহীতে পৌঁছে গেছি। ১২৫টির বেশি বাস ও মাইক্রোবাসের বহর নিয়ে বগুড়া জেলা ও মহানগরীর প্রায় ১০ হাজার নেতাকর্মী এই ঐতিহাসিক সমাবেশে অংশ নিতে এসেছেন।
রাজশাহী বিভাগীয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। সভায় সভাপতিত্ব করবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান।
এফএ/এএসএম