নারায়ণগঞ্জে আলোচিত পাঁচ খুনের রায় ৭ আগস্ট
নারায়ণগঞ্জে আলোচিত পাঁচ খুন মামলার রায় আগামী ৭ আগস্ট ঘোষণা করা হবে। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আকতারের আদালত এ মামলার একমাত্র আসামি ভাগ্নে মাহফুজের উপস্থিতিতে যুক্তিতর্ক শেষে রায়ের এ তারিখ নির্ধারণ করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় মোট ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। যুক্তিতর্কে আমরা আসামিকে দোষী প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালতের কাছে আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছি।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ জানুয়ারি রাতে শহরের বাবুরাইল এলাকা থেকে তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোট ভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়ার (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন ১৭ জানুয়ারি সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে তার ভাগ্নে মাহফুজ, ঢাকার কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে সন্দেহভাজন আসামি হিসেবে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন।
ওইদিন রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন গ্রেফতার করা হয় মাহফুজ ও নাজমাকে। পরে ২১ জানুয়ারি আদালতে মাহফুজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে মামির সঙ্গে পরকীয়ার জের ধরে তার সঙ্গে আরও গভীর সম্পর্কে যেতে ব্যর্থ হয়ে ক্ষোভ থেকেই একে একে পাঁচজনকে হত্যা করার কথা স্বীকার করেন ভাগ্নে মাহফুজ।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম