না.গঞ্জে পুলিশের চেকপোস্টে সন্ত্রাসীদের গুলি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশের একটি চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় বাসে থাকা দুই অস্ত্রধারী সন্ত্রাসী ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
তবে বাসে থাকা কয়েকজন যাত্রী জানিয়েছেন তল্লাশির সময় সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের গুলি করে বাস থেকে লাফ দিয়ে নেমে যায়।
সোমবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার রঘুনাথপুর এলাকাস্থ চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের রঘুনাথপুর এলাকায় দায়িত্বরত পুলিশের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি কামালউদ্দিন বলেন, দুপুর পৌনে ১২টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে নারায়ণগঞ্জগামী বন্ধু পরিবহনের একটি বাস চেকপোস্টে থামিয়ে তল্লাশি করে পুলিশ সদস্যরা।
তখন পেছনের সিটে থাকা দুই যুবক জানালা দিয়ে নিচে লাফ দেয়। পুলিশ, বাস যাত্রী ও আশপাশের লোকজন তাদের ধাওয়া করলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
ওসি আরও জানান, তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ইতোমধ্যে আশপাশের এলাকায় অভিযান শুরু হয়েছে।
মো. শাহাদাত হোসেন/এএম/পিআর