সীমান্তে ভারত-বাংলাদেশ যৌথ সীমানা জরিপ


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৯ মে ২০১৫

যশোরের বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দর এলাকায় দুই দেশের মধ্যকার যৌথ সীমানা জরিপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত এ জরিপ চলে।

সীমানা জরিপকালে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন, ভূমি জরিপ অধিদফতরের উপ-পরিচালক আনোয়ার হোসেন, সহকারী পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক ফেরদৌস হোসেনসহ সাত সদস্যের প্রতিনিধিদল।

ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন, ভূমি জরিপ অধিদফতরের উপ-পরিচালক উল্লাশ চক্রবর্তী, সার্ভে জরিপ অধিদফতরের সহকারী পরিচালক  বিজয় কুমার, সার্ভে রেকর্ড অফিসার সুজিত চক্রবর্তীসহ সাত সদস্যে প্রতিনিধি দল। এ সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) উপস্থিত ছিলেন।

বেনাপোল চেকপোস্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন জানান, বেনাপোল স্থলবন্দরের গাঁ ঘেষে ভারতের পেট্রাপোল স্থলবন্দরের বৃহৎ পণ্যগার নির্মাণের কাজ চলছে। এ নির্মাণ কাজে বন্দরের সীমানা নির্ধারণ নিয়ে কিছু জটিলতা রয়েছে। তা নিরসনের লক্ষে দুই দেশের ভূমি জরিপ অধিদফতরের কর্মকর্তারা যৌথভাবে কাজ করেন।

এ কাজে বিজিবির পাশাপাশি ভারতীয় বিএসএফ তাদের সহযোগিতা করেছেন।

 জামাল হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।