চলন্ত ট্রাকে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, ট্রাকচালক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০২ আগস্ট ২০১৭
প্রতীকী ছবি

সিদ্ধিরগঞ্জে চলন্ত ট্রাকে ১৫ বছরের এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় ট্রাকের চালক মেহেদী হাছানকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযান চালিয়ে চালক মেহেদী হাছানকে গ্রেফতার করেছেন বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) আব্দুস সাত্তার। 

একই সঙ্গে এ ঘটনায় জড়িত হেলপার সোহানকেও গ্রেফতারে অভিযান চলছে বলে জানান থানা পুলিশের ভারপ্রাপ্ত এই কর্মকর্তা।
এর আগে বুধবার সকালে এলাকবাসীর সহায়তায় পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এসআই আবু বকর জানান, ধর্ষণের স্বীকার ওই কিশোরী মঙ্গলবার বিকেল ৪টার দিকে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে গাজীপুর চৌরাস্তা এলাকায় চলে আসে।

আনুমানিক রাত ৮টার দিকে একটি মালবাহী ট্রাকের (ঢাকা-মেট্রো ট-০২-০৩৪৪) চালক মেহেদী হাসান ও হেলপার সোহান তাকে একা পেয়ে জোরপূর্বক ট্রাকে তুলে নেয়। পথিমধ্যে চালক ও হেলপার পালাক্রমে তাকে ধর্ষণ করে।

সকালে সিদ্ধিরগঞ্জের এসিআই পানির কল এলাকায় ট্রাক থেকে মেয়েটি কান্না করলে স্থানীয় লোকজন এগিয়ে এলে চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও ট্রাকটি আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া থানার মনিপুর এলাকায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হোসেন চিশতী সিপলু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।