উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ওআইসি মহাসচিব
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কক্সবাজার বিমান বন্দর থেকে সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে যান।
সেখানে পৌঁছে ওআইসি মহাসচিব কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জেলা প্রশাসন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থাসহ বিভিন্ন এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন।
বৈঠকে তিনি মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভয়াবহ নির্যাতনের বর্ণনা শোনেন। বৈঠক শেষে ওআইসি মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং বিভিন্ন ক্যাম্পের ব্লকগুলো ঘুরে দেখেন।
এ সময় পররাষ্ট্র মন্ত্রাণালয়ের সচিব বাকি বিল্লাহ, কক্সবাজরের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, উখিয়া উপজেলার নিবার্হী অফিসার মো. মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, উখিয়া থানা পুলিশের ওসি আবুল খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন বুধবার (২ আগস্ট) চারদিনের সফরে ঢাকায় আসেন। নভেম্বরে দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম ঢাকা সফর। ঢাকায় তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখার জন্য এবং তাদের সঙ্গে ওআইসি’র একাত্মতা প্রকাশের লক্ষ্যে তিনি কুতুপালং ক্যাম্প ও কক্সবাজারের আশপাশের অঞ্চল ঘুরে দেখেছেন।
সায়ীদ আলমগীর/আরএআর/এমএস