শ্বশুরবাড়িতে জামাইয়ের হামলায় আহত ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:১১ পিএম, ৩১ মার্চ ২০২৬

পটুয়াখালী পৌরসভায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে চাচা শ্বশুরের পরিবারের ছয়জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত জামাই মো. দেলোয়ারকে (৪০) আটক করেছে পুলিশ। গুরুতর আহতদের প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন- শাবনুর (২২), মুক্ত (২৫), নাজমা (৩৫), হোসেনা (৫৫), জুয়েল (২৫) ও সোহেল (২৭)। তারা সবাই অভিযুক্তের চাচা শ্বশুরবাড়ির আত্মীয় ও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দেলোয়ারের সঙ্গে চাচা শ্বশুরের পরিবারের বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক বসে। বৈঠকে ভুক্তভোগীরা নিজেদের পক্ষে বক্তব্য দিলে ক্ষুব্ধ হয়ে দেলোয়ার হঠাৎ তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুর রশিদ ও উদ্ধারকারী ইসমাইল গাজী জানান, সালিশে সত্য ঘটনা তুলে ধরার পরই দেলোয়ার ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়।

খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দেলোয়ারকে আটক করে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত একাই ছয়জনকে কুপিয়ে আহত করেছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে ও ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

মাহমুদ হাসান রায়হান/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।