দিনদুপুরে গুলি করে ৪০ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৭ আগস্ট ২০১৭
প্রতীকী ছবি

কুমিল্লায় ব্যাংক থেকে ৪০ লাখ টাকা টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার পথে দিনদুপুরে গুলি ও ছুরিকাঘাত করে ওই টাকা লুটে নিয়েছে ছিনতাইকারীরা।

সোমবার নগরীর শাহজালাল ইসলামী ব্যাংক থেকে রেলওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের এক কর্মকর্তা টাকা উত্তোলন করে মাইক্রোযোগে যাওয়ার সময় থিরাপুকুর পাড় এলাকায় ছিনতাইকারীরা এ ঘটনা ঘটায়।

এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত মাইন উদ্দিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাক্সের কুমিল্লা অফিসের প্রকৌশলী আনোয়ার হোসেন।

তবে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লুণ্ঠিত টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম মাঠে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে পুলিশ।

প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, রেলওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের হিসাব রক্ষক মাইন উদ্দিন সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর মনোহরপুর এলাকার হোটেল সালাউদ্দিনের দ্বিতীয় তলাস্থ শাহজালাল ইসলামী ব্যাংক থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও অন্যান্য খরচের জন্য ৪০ লাখ টাকা উত্তোলন করেন।

পরে তিনি একটি মাইক্রোযোগে কুমিল্লা ইপিজেডের ম্যাক্স কার্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে নগরীর থিরাপুকুরপাড় এলাকায় পৌঁছামাত্র সংঘবদ্ধ ছিনতাইকারীরা মোটরসাইকেলযোগে এসে মাইক্রোটি ঘিরে ফাঁকা গুলি ছোড়ে।

এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে মাইক্রোচালককে জিম্মি করে চাবি ছিনিয়ে নেয় এবং মাইন উদ্দিনের বুকে-হাতে ছুরিকাঘাত করে ৪০ লাখ টাকা ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। আহত মাইন উদ্দিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে জেলা ডিবি পুলিশের ওসি একেএম মনজুর আলম জানান, লুণ্ঠিত টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশসহ গোয়েন্দা সংস্থার একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।