কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যা দাবি পরিবারের
সাতক্ষীরার আশাশুনিতে গৌতম বাছাড় (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি, গৌতমকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) ভোরে উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৌতম বাছাড় ওই গ্রামের মৃত বিশ্বজিৎ বাছাড়ের ছেলে।
নিহতের বড় ভাই উত্তম বাছাড়ের অভিযোগ, প্রায় ১০ বছর আগে তাদের বাবা মারা যাওয়ার পর তার মায়ের সঙ্গে পার্শ্ববর্তী চেউটিয়া গ্রামের মৃত মোসলেম বিশ্বাসের ছেলে ও খাজরা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তাজুল বিশ্বাসের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং গৌতম ও তিনি এ সম্পর্কের প্রতিবাদ করতেন।
তিনি দাবি করেন, শুক্রবার গভীর রাতে মোর্তাজুল তাদের বাড়িতে আসেন। ভোরের দিকে গৌতমকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার দেওয়া হয়। পরে তারা ঘরে গিয়ে গৌতমের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান, তবে তার দুই পা মাটিতে লেগে ছিল বলে তিনি দাবি করেন। গৌতমের ডান হাতের বগলের নিচে আঘাতের চিহ্নও রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়রা জানান, প্রথমে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের চেষ্টা চলছিল। পরে পরিবারের আপত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তবে নিহতের মা শেফালী বাছাড় মোর্তাজুল বিশ্বাসের সঙ্গে তার কোনো অনৈতিক সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, তার ছেলে গৌতম আত্মহত্যা করেছে।
এ বিষয়ে মোর্তাজুল বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোরহানউদ্দিন বুলু বলেন, মোর্তাজুল যুবদল রাজনীতির সঙ্গে যুক্ত। গৌতমের মায়ের সঙ্গে তার সম্পর্ক আছে বলে এলাকায় নানা আলোচনা রয়েছে।
আহসানুর রহমান রাজীব/কেএইচকে/এমএস