বঙ্গবন্ধুর শোক র‌্যালিতে যারা থাকবে না তারা মোনাফেক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৭ আগস্ট ২০১৭

জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে রাজনীতি না করার আহ্বান করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান হচ্ছেন আমাদের আদর্শের পিতা, আমাদের জাতির পিতা, আর পিতার প্রতি আমাদের ভালবাসা থাকবে, সেই ভালবাসা থেকেই জাতীয় শোক দিবসে বিশাল র‌্যালির আহ্বান করা হয়েছে। র‌্যালিতে সকলেই নিজ দায়িত্বে সময়মতো এসে উপস্থিত হবো। এখানে কোনো ধরনের রাজনীতি করা ঠিক হবে না।

সোমবার বিকেল ৫টায় শহরের চাষাঢ়ায় রাইফেল ক্লাবে শোক দিবসের প্রস্তুতি সভায় শামীম ওসমান নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শোক র‌্যালি ও সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সিনিয়র সহ সভাপতি ও নারায়াণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, খোকন সাহাকে সমাবেশে থাকতে অনুরোধ করছি। তারা শোক র্যালিকে উপস্থিত থাকবে এটাই আমার প্রত্যাশা। আর বঙ্গবন্ধুর শোক র্যালিতে যারা থাকবে না তারা মোনাফেক হয়ে থাকবে।

শামীম ওসমান বলেন, আমরা খুব সুশৃঙ্খল একটি র্যালি করবো। আর সেই র্যালির পর সকলের নারায়ণগঞ্জের আওয়ামী লীগকে নিয়ে কথা বলতে চিন্তা করবে। সবাই বলতে পারেন এখানে আমার ঠেকা কি? আমি এমপি না হলে কোনো লস হবেনা, কিন্তু শেখ হাসিনার সরকার গঠন না হলে অনেক বড় লস হয়ে যাবে। শেখ হাসিনা যদি পুনরায় নির্বাচিত না হতে পারেন, তবে দেশটা ধ্বংসের পথে চলে যাবে। যাদের দেশদ্রোহীতার দায়ে ফাঁসিতে ঝুলাচ্ছেন, তারা আপনাদের এমনি এমনিতে ছেড়ে দিবে না। তারা মরণ কামড় দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাদের অত্যাচারের হাত থেকে আমাদের, আপনাদের ঘরের মা বোনেরাও বাদ যাবে না। সুতরাং সবাইকেই ঐক্যবদ্ধ হয়ে জনগণকে শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। জনগণের ভোটেই নির্বাচিত হয়েই আগামীতে আ.লীগ সরকার ক্ষমতায় যাবে।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দল শীল, গোপীনাথ দাস, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা মহিলা লীগের সভাপতি শিরিন বেগম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান প্রমুখ।

শাহাদাত হোসেন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।