আখাউড়া হয়ে আগরতলা গেল কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস
কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিসের দুটি বাস পরীক্ষামূলকভাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় পোঁছেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১টার দিকে বাস দুটি আগরতলায় পৌঁছায়।
এর আগে সকাল সাড়ে ৭ টায় বাস দুটি ঢাকা থেকে আগরতলার উদ্দেশ্যে ছেড়ে এসে দুপুর ১২টার দিকে আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। পরে ইমিগ্রেশেনের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১ টায় বাস সার্ভিসের নেতৃত্বে থাকা প্রতিনিধি দলটি আগরতলায় পৌঁছে।
পরীক্ষামূলক এ বাস সার্ভিসে বাংলাদেশের পক্ষে সেতু ও পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুর রউফ খানের নেতৃত্বে ৯ সদস্য ও ভারতের পক্ষে পশ্চিমবঙ্গ পরিবহন অধিদফতরের চীফ সেক্রেটারি আলাপন বন্ধোপাধ্যায়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল নেতৃত্ব দেন। প্রতিনিধি দলটি আগরতলায় পৌঁছালে সেখানকার সিটি কর্পোরেশনের মেয়র প্রফুল্ল জিৎ সিনহা তাদের স্বাগত জানান। বুধবার সকাল ৬ টায় আগরতলা কৃষ্ণনগর বাস টার্মিনাল থেকে পুনরায় বাস দুটি বাংলাদেশ ফিরে আসার কথা রয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর