স্ত্রীর ঘুমের ব্যাঘাত ঘটায় শিশুদের বকাবকি, নিষেধ করায় ভাইকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৪ মে ২০২৬

কুমিল্লা সদর দক্ষিণে স্ত্রীর ঘুমের ব্যাঘাত ঘটা নিয়ে তর্কের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় মোরর্শেদ (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফয়সাল গোয়ালগাঁও গ্রামের মৃত রাজামিয়ার ছেলে। অভিযুক্ত মোরর্শেদ তার আপন বড় ভাই।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় একটি কারখানায় কাজ করেন অভিযুক্ত মোরশেদের স্ত্রী। বুধবার (১৩ মে) দিনগত রাতে তিনি নাইট শিফটে ডিউটি করে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে ঘুমাতে যান। সকালে ঘরের পাশে শিশুরা হই-হুল্লোড় করলে মোরশেদ ঘর থেকে বের হয়ে স্ত্রীর ঘুমে ব্যাঘাত হচ্ছে বলে তাদের বকা দেন। এসময় ছোট ভাই ফয়সাল বড় ভাইকে নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে তারা দুজনই বাড়ি বের হয়ে যান।

দুপুর দেড়টার দিকে দুই ভাই বাড়ি ফিরে আবারও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মোরশেদ ঘর থেকে দা নিয়ে এসে ছোট ভাইকে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় বিকেল সাড়ে ৩টায় স্থানীয় সুয়াগাজী বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত মোরশেদকে আটক করা হয়।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।