নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১১:৪১ পিএম, ১৬ মে ২০২৬

নওগাঁর মহাদেবপুরে কৃষকের ধান কেটে দিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলে যুগ্ম-সম্পাদক ফজলে হুদা বাবুল। শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে উপজেলার চেরাগপুর ইউনিয়নের গোপালতলা মোড় এলাকার আলম হোসেন দেড় বিঘা জমির পাকা ধান কেটে দেন তিনি। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই ধান কৃষকের বাড়িতে পৌঁছে দেন।

কৃষক আলম হোসেন বলেন, গত ৮ থেকে ১০ দিন ধরে শ্রমিক না পেয়ে জমি থেকে ধান কাটতে পারছিলাম না। ধান নষ্ট হওয়ার আশঙ্কা নিয়ে বেশ চিন্তায় ছিলাম। হঠাৎ এমপি নেতাকর্মীদের নিয়ে আমার ধান কেটে দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

সংসদ সদস্য ফজলে হুদা বলেন, মহাদেবপুর ও বদলগাছী দুই উপজেলায় শ্রমিকদলের উদ্যোগে ধান কাটা হচ্ছে। বিশেষ করে বিধবা, এতিম ও অসচ্ছল কৃষক যারা শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব কৃষক শ্রমিক সংকট বা আর্থিক সমস্যার কারণে ধান কাটতে পারছেন না, তাদের ধান কেটে ঘরে তুলে দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজ করবে। কৃষকরা দেশের অর্থনীতির প্রাণশক্তি, তাই তাদের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, কৃষক যাতে তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়, সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে কৃষকরা লাভবান হবে।

স্থানীয় বাসিন্দা উজ্জল বলেন, সাধারণত নেতাদের আমরা শুধু মঞ্চে দেখি। কিন্তু আজ একজন এমপিকে মাঠে নেমে কৃষকের সঙ্গে ধান কাটতে দেখে সত্যিই ভালো লাগছে। একজন এমপি মাঠে নেমে ধান কাটছেন এটা আগে দেখিনি।

আরেক বাসিন্দা বিশু বলেন, কৃষকের কষ্ট বুঝে পাশে দাঁড়ানোটা অনেক বড় বিষয়। শুধু বক্তব্য দিলে মানুষ ভুলে যায়, কিন্তু মাঠে নেমে কাজ করলে সেটা মানুষের মনে থাকে। কৃষকরাও মানসিকভাবে সাহস পাবেন।

এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।