বিষাক্ত মদপানে দু’জনের মৃত্যু


প্রকাশিত: ০৯:০৫ এএম, ০৪ জুন ২০১৫
প্রতীকী ছবি

যশোরের কেশবপুরে বিষাক্ত ও অতিরিক্ত মদপানে দু`জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে ও দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দু`জনের মত্যু হয়।

এরা হলেন, কেশবপুর পৌর শহরের নরেন্দ্রপুর ভোগাতি এলাকার নিজাম উদ্দিন গাজী (৫০) ও উপজেলার মধ্যকূল গ্রামের সিরাজুল ইসলাম খান (৪৫)।

এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে নিজাম উদ্দিন গাজী, সিরাজুল ইসলাম খানসহ ৪ জন মণিরামপুর এলাকা থেকে স্প্রিট মেশানো মদপান করে নিজ এলাকা কেশবপুরে আসেন। এক পর্যায়ে রাতেই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে নিজাম উদ্দিন গাজী, সিরাজুল ইসলাম খানকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে নিজাম উদ্দিন গাজীকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজুল ইসলাম খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

নিজাম উদ্দিন গাজী যশোরে চিকিৎসাধীন অবস্থান ভোরে মারা যান। আর খুলনায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে মারা গেছেন সিরাজুল ইসলাম খান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জাগো নিউজকে বলেন, অতিরিক্ত ও বিষাক্ত মদপানে নিজাম উদ্দিন ও সিরাজুল অসুস্থ হন। এরমধ্যে নিজাম উদ্দিন যশোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত হয়েছি। আর সিরাজুল খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

ওসি আরো বলেন, তারা কোথায় মদপান করেছে সেটা এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি। কেশবপুরে মদ বিক্রি হয় না বলেও তিনি দাবি করেন।

মিলন রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।