খদ্দেরসহ মক্ষীরাণী আটক


প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৫ জুন ২০১৫
আলোচিত সেই মক্ষীরাণীর খদ্দের রিপন।

অবশেষে গাজীপুর কালীগঞ্জের আলোচিত সেই মক্ষীরাণী রেনু আক্তার সীমা খদ্দেরসহ আটক হওয়ার সংবাদ পাওয়া গেছে। শুক্রবার ভোরে পুলিশ তাদেরকে আপত্তিকর অবস্থায় আটক করে।

থানা সূত্রে জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে থানার এসআই মো. ফরিদ উদ্দিন ও এএসআই মো. সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মক্ষীরাণী রেনুকে ধরতে উপজেলার জামালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

পরে শুক্রবার ভোরে ওই ইউনিয়নের চুপাইর গ্রামে পরিত্যক্ত একটি ঘর থেকে আপত্তিকর অবস্থায় খদ্দেরসহ পুলিশ তাকে আটক করেন।

এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দণ্ডবিধি ২৯০ ধারায় একটি ননএফআইআর মামলা হয়েছে (মামলা নং ৯)। পরে দুপুরে আটককৃতদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়। রেনু উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামের মৃত আব্দুল আওয়াল মোল্লার মেয়ে। আর খদ্দের রিপন এলাকায় মাদক সম্রাট বলে পরিচিত। রিপন একই ইউনিয়নের বক্তারপুর গ্রামের মো. আমান উল্লাহর ছেলে।   

কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) নিতাই চন্দ্র সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, রেনুকে আটকের জন্য পুলিশ অপেক্ষায় ছিল। তারই ধারাবাহিকতায় তাকে খদ্দেরসহ আটক করা হয়েছে।  

উল্লেখ্য, এর আগে আলোচিত ওই মক্ষীরাণী রেনু উপজেলার বক্তারপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ব্রাহ্মনগাঁও গ্রামের নিজ বাড়িতে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। গ্রামবাসী তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে একাধিকবার এর প্রতিবাদও করেছিল। কিন্তু কিছুতেই তার কর্মকাণ্ড বন্ধ হচ্ছিল না। পরে গত মাসের ১৫ তারিখে ওই মক্ষীরাণীর বিরুদ্ধে ২ শতাধিক ভুক্তভোগী গ্রামবাসী এলাকায় বিক্ষোভ করেন।
    
আব্দুর রহমান আরমান/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।