আগৈলঝাড়ায় ছাত্রলীগের হামলার বিচারের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৭ জুন ২০১৫

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়ে আবাসিক মেডিকেল অফিসারকে আহত ও হাসপাতালে ভাঙচুরের ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে হাসপাতালের সামনে আগৈলঝাড়া-বরিশাল মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সেলিম মিয়াসহ আবাসিক মেডিকেল অফিসাররা। এ সময় চিকিৎসকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন অষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা।

এদিকে, মানববন্ধনে অংশগ্রহণ করার অপরাধে ছাত্রলীগ কর্মী শামীম গাজীর ভাই পলাশ গাজীর নেতৃত্বে এসিআই কোম্পানির বিক্রয় প্রতিনিধি মজিবর রহমান ও র্যাং গস কোম্পানির বিক্রয় প্রতিনিধি মাহাবুবুর রহমানকে মারধর করে আহত করা হয়।

এর আগে সকালে হামলাকারীদের বিচারের দাবিতে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে হাসপাতালের চিকিৎসকরা।

সাইফ আমীন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।