অপহৃত দুই সিঙ্গাপুর প্রবাসীকে ৭ ঘণ্টা পর উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত দুই সিঙ্গাপুর প্রবাসী আব্দুর সাত্তার (৩০) ও আনোয়ার হোসেনকে (৩১) সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করেছে র্যাব-১১। অপহরণের ৭ ঘণ্টা পর রোববার রাতে ওই দু`জনকে উদ্ধার করা হয়। সোমবার বিকেলে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্ধারকৃত আবদুস সাত্তার কুমিল্লার হোমনা থানার শ্রীরমদ্দী গ্রামের আব্দুল খালেকের ছেলে ও আনোয়ার হোসেন একই গ্রামের শমসের আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর এএসপি আলেপউদ্দিন জানান, রোববার বিকেল ৪টায় আব্দুল সাত্তার ও আনোয়ার হোসেনকে কুমিল্লার হোমনা যাওয়ার পথে শিমরাইল এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে তাদের স্বজনদের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর অপহৃত আব্দুর সাত্তারের বড় ভাই আব্দুল মতিন ও তার বেয়াই সোহেল আহম্মেদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেন। এরপর তারা রাতেই র্যাব-১১ এর ক্যাম্পে গিয়ে অভিযোগ দেন।
র্যাব সদস্যরা মোবাইল ট্র্যাকিং করে সোনারগাঁয়ের কাঁচপুরে অভিযান চালায়। এ সময় অপহরণকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে কাঁচপুর বাসস্ট্যান্ডে অপহৃতদের ফেলে রেখে পালিয়ে যায়।
উদ্ধারের পর অপহৃতরা র্যাবকে জানায়, অপহরণকারীদের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিলো। এজন্য তাদের চেনা সম্ভব হয়নি।
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআই