প্রদীপের আলোয় আলোকিত জিল্লুর!


প্রকাশিত: ০২:৫৬ এএম, ১০ জুন ২০১৫

জিল্লুর রহমানের সংসারে সব সময় অভাব-অনটন লেগেই থাকে। তাই সংসারে একটু স্বচ্ছলতা ফেরাতে সারাদিন দোকানে চা বিক্রি করতে হতো তাকে। এতে করে দিনের বেলায় পড়ালেখার সুযোগ পেত না সে। কিন্তু রাতে মাটির প্রদীপের আলোয় লেখাপড়া করে সাফল্য ছিনিয়ে এনেছে।

এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে মেধাবী এ চা বিক্রেতা। জিল্লুর রহমান রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামের চা দোকানদার আনসার  শেখের ছেলে।

জিল্লুর রহমানের বাবা আনসার শেখ জানান, ছেলের লেখাপাড়ায় অনেক আগ্রহ থাকলেও দারিদ্র্যতার কারণে তাকে চা বিক্রি করতে হয়েছে। তা সত্ত্বেও সে এসএসসি পরীক্ষায় ভালো ফল করেছে। তবে অর্থাভাবে তার আগামীর পথচলা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তিনি।

পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার জানান, জিল্লুর দরিদ্র হলেও অত্যন্ত মেধাবী ছাত্র। তার লেখাপড়ার আগ্রহ অন্যান্য ছাত্রদের চেয়ে অনেক বেশি ছিল। আমাদের শিক্ষকদের পক্ষ থেকেও তাকে আলাদাভাবে লেখাপড়ার সুবিধা দেওয়া হতো। তার পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে উচ্চ শিক্ষা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।