নাশকতার মামলায় সাবেক মেয়র মজিবর রহমানের জামিন


প্রকাশিত: ০৭:৪২ এএম, ১০ জুন ২০১৫

গত কয়েক মাসের আন্দোলনে পুলিশের দায়ের করা গাড়ি পোড়ানো এবং সরকারি কাজে বাধা দেয়ার দু’টি মামলায় বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার জামিন পেয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক মো. আলী হোসাইন তার জামনতনামা গ্রহণ করে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

এর আগে দীর্ঘ কয়েক মাস আত্মগোপনে থাকার পর গত ২০ মে দুপুরে বিচারপতি মো. রেজাউল হক এবং মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সরোয়ার। আদালত তাকে ৪ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন দিয়ে নিম্ন আদালতে হাজির হয়ে জামানত নামা দাখিলের নির্দেশ দেন।

সাবেক হুইপ সরোয়ারের পক্ষে আদালতে জামিন শুনানি করেন অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু  ও অ্যাডভোকেট গোলাম কিবরিয়া মির্জাসহ বিএনপি পন্থী বেশ কয়েকজন আইনজীবী।

অ্যাডভোকেট গোলাম কিবরিয়া মির্জা মামলার নথির বরাত দিয়ে জানান, গত ৫ জানুয়ারির পর সরকাবিরোধী আন্দোলন চলার সময় নগরীর কাউনিয়া বিসিক এলাকায় মিছিল এবং দপদপিয়া সেতুতে ট্রাকে পেট্রলবোমা হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করে।

সাইফ আমীন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।