ভর্তি পরীক্ষার মাধ্যমে পলিটেকনিকে ভর্তির সুযোগ দিতে হবে


প্রকাশিত: ১০:৪৪ এএম, ১০ জুন ২০১৫

খুলনায় পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের মধ্য দিয়ে সরকারি পলিটেকনিকে ভর্তির প্রক্রিয়া চালু রাখার দাবি জানিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বুধবার এ দাবিতে নগরীতে মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রীরা। বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাঁচ শতাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, এসএসসির রেজাল্টের ভিত্তিতে সরকারি পলিটেকনিকে ভর্তির যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে সেটা বন্ধ করে পরীক্ষার মাধমে মেধা যাচাই করেই ভর্তি করতে হবে। কোনো প্রকার পূর্ব ঘোষণা ও আগাম প্রস্তুতি ছাড়াই এ সিদ্ধান্ত উচ্চতর শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

তারা বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী বিভিন্ন কারণে এসএসসিতে কম পয়েন্ট পেয়েছে। রেজাল্ট খারাপ করার ফলে পয়েন্টের ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া চালু হলে ওই সব মেধাবীরা ভর্তি হতে পারবে না। এছাড়াও এ বছর দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সারাদেশেই এসএসসির ফল বিপর্যয় ঘটেছে। অনেক শিক্ষার্থী মেধাবী হয়েও ভালো ফল করতে পারেনি।

তারা আরও দাবি করে, পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে ভোকেশনাল কোটা রয়েছে ১৫ শতাংশ, মহিলা কোটা রয়েছে ২০ শতাংশ, প্রতিবন্ধি কোটা ৫ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা, শিক্ষক কর্মকর্তাদের কোটা, উপজাতি ও সংরক্ষিত কোটা মিলে হয় ৫২ শতাংশ। বাকি মাত্র ৪৮ শতাংশ সাধারণ শিক্ষার্থী রেজাল্টের ভিত্তিতে ভর্তি হতে পারবে। এ অবস্থায় অনেক মেধাবী শিক্ষার্থীই ইচ্ছা থাকা স্বত্তেও পলিটেকনিকে ভর্তি হতে পারবে না।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রায়হান ইসলাম, সোহান শরীফ, মোকসেদ মুকুল, হিমেল, নাহিদ, ধ্রæব, রিক্তা, লিরা, শাপলা আক্তার, ফারজানা আক্তার প্রমুখ।

আলমগীর হান্নান/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।