ট্রাকচাপায় ইসলামী আন্দোলন নেতাসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫১ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৭

যশোরের ছাতিয়ানতলায় ট্রাকচাপায় ইসলামী আন্দোলনের নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর শহরতলী শেখহাটি জামরুলতলা এলাকার সাইফুল্লাহ মোল্যার ছেলে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আবু জাফর যশোরী (৩২) ও শহরতলির নূরপুর ডাকাতিয়া এলাকার সোলায়মান মিনার ছেলে হাফেজ বোরহান উদ্দিন (৩০)।

আহতরা হলেন- যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট নতুনমাথা এলাকার তবিবুর রহমান তামিম (২১) ও মাগুরার শালিখা উপজেলার বাসিন্দা আবুজার (১৮)।

নিহত মাওলানা আবু জাফর যশোরী ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন।

হাসপাতাল সূত্র ও পুলিশ জানায়, আবু জাফর যশোরীসহ চারজন বরিশালের বোরহানউদ্দিন উপজেলার পায়রা গ্রামে একটি ওয়াজ মাহফিল থেকে প্রাইভেটকার নিয়ে (ঢাকা মেট্রো-গ-১৪-০৫৭৭) যশোরে ফিরছিলেন। শুক্রবার সকালে যশোর-নড়াইল সড়কের ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের প্রাইভেটকারকে চাপা দেয়। এতে ওই চারজনই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর আবু জাফর ও বোরহান উদ্দিন মারা যান। আহত তামিম ও আবুজার যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়।

বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ওয়াহিদুজ্জামান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

মিলন রহমান/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।