কক্সবাজারে রিকশা মেকানিককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:১২ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৭

কক্সবাজার শহরের ঘোনার পাড়ায় এক রিকশা মেকানিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে ঘোনারপাড়ার ফারুকের গ্যারেজে এ ঘটনা ঘটলেও সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তিনি মারা যান।

নিহতের নাম সজল কান্তি ধর (৩৫)। তিনি ঘোনারপাড়ার বিবেকানন্দ এলাকার মৃত হৃদয় রঞ্জন ধরের ছেলে। এ ঘটনায় সবুজ সিকদার নামে এক রিকশাচালককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কথা কাটাকাটির জের ধরে রিকশাচালক সবুজ সিকদার সজল কান্তি ধরকে গ্যারেজে থাকা লোহার যন্ত্রাংশ দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে সজলের মৃত্যু হয়। নিহত সজল ফারুকের গ্যারেজে কাজ করতেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, নিহত সজলের মাথায় চারটি বড় আঘাত রয়েছে। মাথার আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, কথা কাটাকাটি জের ধরে লোহার যন্ত্রাংশ দিয়ে সজলকে আঘাত করে সবুক নামে এক রিকশাচালক। এতে আঘাতের তীব্রতায় সজল মারা যান। থানার উপ-পরিদর্শক (এসআই) আকতারুজ্জামান এলাকায় গিয়ে ঘাতককে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে হত্যা মামলা হবে বলেও জানান তিনি।

সায়ীদ আলমগীর/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।