যশোরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:৪০ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৭

যশোর সদরের বসুন্দিয়ার পদ্মবিলায় নর্থ সাউথ স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মিল কর্তৃপক্ষের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা জামতলায় অবস্থিত নর্থ সাউথ স্পিনিং মিলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে মিলে শ্রমিকরা কাজ করছিল। এসময় ব্লুরুমে বৈদ্যুতিক শর্টসার্কিট ঘটে।

এ থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি দাবি করেন, মিলে রক্ষিত তুলা ও সুতা পুড়ে গেছে। মেশিনারির ক্ষয়ক্ষতি হয়েছে। সবমিলিয়ে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট নিয়ে তিনি ঘটনাস্থলে হাজির হন। দেড় ঘণ্টা ধরে একটানা চেষ্টা করে আগুন নেভানো হয়।

তবে ক্ষয়ক্ষতি প্রসঙ্গে সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম দাবি করেছেন, আনুমানিক ক্ষতির পরিমাণ ৫০ থেকে ৭০ লাখ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সঠিক পরিমাণ তদন্তের পর নিরূপণ করা সম্ভব হবে।

মিলন রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।