গাজীপুরে পাঙ্গাস মাছ খাওয়ার পর দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৩১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকায় দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। অপরজনের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত শিশুরা ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার হাফানিয়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে হুমায়ুন (৭) ও শাকিল (১০ মাস)।

তিনি সপরিবারে গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকার রহিম উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করেন।

নিহতের মামা মো. শাহজাহান জানান, মঙ্গলবার সকালে তার ভগ্নিপতি স্ত্রী সন্তানদের নিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ভাত খান। এরপর শাকিল ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙ্গার পর হঠাৎ করে তার ভাগিনা শাকিল বমি করতে করতে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মরদেহ নিয়ে ভাড়া বাড়িতে গিয়ে দেখতে পান তার অপর ভাগিনা হুমায়ুন (৭) ও ভাগ্নি রুবিনা (১২)ও অসুস্থ হয়ে পড়েছে। এসময় তাদের দুই ভাই বোনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হুমায়ুন মারা যায়। রুবিনাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়দেবপুর থানা পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ দক্ষিণ সালনা এলাকা থেকে নিহত শিশু শাকিলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, শিশুরা পাঙ্গাস মাছ খেয়ে, না অন্য কোনো কারণে মারা গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আমিনুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।