জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে আল্টিমেটাম


প্রকাশিত: ১২:২৩ পিএম, ১২ জুন ২০১৫

রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদকে প্রত্যাহার করার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে মহানগর আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে এ আল্টিমেটাম দেয়া হয়।

এ সময় বক্তারা জেলা প্রশাসক ফরিদ আহাম্মদকে দুর্নীতিবাজ, ঘুষখোর হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে রংপুর থেকে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় রংপুরের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

বিকেল সাড়ে ৪টায় বেতপট্টিস্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাহাজ কোম্পানি মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষাড় কান্তি মণ্ডল, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জমসের আলী, শ্রমিক লীগের জেলা সভাপতি আব্দুস সালাম প্রমুখ।

জিতু কবীর/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।