সংঘর্ষের সংবাদ সংগ্রহে গিয়ে আইনজীবী সমিতিতে অবরুদ্ধ সাংবাদিক
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে একটি বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত সালিস চলাকালে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংবাদ সংগ্রহ করতে গেলে মাহমুদুল হাসান তুষার নামে এক সাংবাদিককে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে আইনজীবী ও তাদের সহকারীদের বিরুদ্ধে।
রোববার (১৭ মে) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তুষার স্টার নিউজের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী, আহতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, একটি বিরোধ নিষ্পত্তি নিয়ে আইনজীবী সমিতিতে সালিস চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় লাঠি ও রড নিয়ে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।এতে আইনজীবী ও তাদের সহকারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিক তুষার বলেন, আইনজীবীদের দুপক্ষের সংঘর্ষ চলছিল। এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে তারা আমাকে আটকে রেখে হেনস্তা ও মারধর করে। আইডি কার্ড ও মুঠোফোন কেড়ে নেওয়ার পাশাপাশি ভয়ভীতি দেখানো হয়। একই সময় ঘটনাস্থলে থাকা পুলিশের বিশেষ শাখার এক সদস্যের মুঠোফোনও কেড়ে নিয়ে লাঞ্ছিত করা হয়েছে।
তুষারের অভিযোগ, ভিডিও ধারণে বাধা দেওয়ার পর তিনি ঘটনাস্থল ত্যাগ করলেও পরে আইনজীবী সমিতির সামনের দিক থেকে তাকে টেনেহিঁচড়ে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মুঠোফোন ও আইডি কার্ড কেড়ে নিয়ে গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়। পরে সিনিয়র সাংবাদিকদের হস্তক্ষেপে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. জামিলা জানান, সংঘর্ষে আহত চারজন চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রাত ৯টা পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি এবং কাউকে আটকও করা হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোহান মাহমুদ/কেএইচকে/জেআইএম