মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:২৫ এএম, ১৬ মে ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের হামলায় বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

নিহত আহমদ ডিলার (৭০) উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইব্রাহীম হোসেন মিলন মাদকাসক্ত জীবনযাপন করছিলেন। এছাড়া বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা অমান্য করে তিনি ক্রমেই বেপরোয়া হয়ে ওঠেন।

শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাড়িতে মাদক সেবন নিয়ে বাবা আহমদ ডিলারের সঙ্গে মিলনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে বাবাকে মারধর করেন। এতে গুরুতর আহত হন আহমদ ডিলার। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে অভিযুক্ত মিলনকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করা হয়েছে। এই ছেলে মাকাসক্ত। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এম মাঈন উদ্দিন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।