রংপুরে হত্যা মামলায় বাবা-ছেলের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৪ জুন ২০১৫

রংপুরের পীরগঞ্জে বড় ভাইকে পিটিয়ে হত্যা মামলায় বাবা-ছেলের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্ত ছোট ভাই ওসমান গণি (৭৫) ও তার ছেলে মহসিন হককে ফাঁসির আদেশ দেয়া হয়। একই মামলায় অন্য দু’জনকে খালাস দেয়া হয়েছে।

মামলার বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জাগো নিউজকে জানান, পীরগঞ্জের একবারপুর মধ্যপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে নবী উদ্দিনের সাথে তার ছোট ভাই ওসমান গণির বাড়ির প্রবেশ সীমানা নিয়ে বিরোধ বাধে। এরই জের ধরে ২০০৪ সালের ২২ আগষ্ট সকালে ওসমান গণি এবং তার ছেলে মহসিন হক নবী উদ্দিনকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ছেলে খায়রুল ইসলাম বাদী হয়ে ২৩ আগষ্ট পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে দীর্ঘ ১১ বছর মামলাটি আদালতে বিচরাধীন থাকার পর রোববার দুপুর পৌণে ১টার দিকে বাবা-ছেলের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওবায়দুর রহমান ও লাকী খাতুন নামে দু’জনকে খালাস দেয়া হয়।

বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ আরো জানান, অভিযুক্ত ওসমান গণি গ্রেফতার হয়ে জেল হাজতে থাকলেও তার ছেলে মহসিন পলাতক রয়েছেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. আলতাব হোসেন।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।