প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগে উচ্ছ্বসিত খাল খনন শ্রমিকরা
চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শ্রমিকরা বলছেন, এই কর্মসূচির মাধ্যমে তারা শুধু কাজের সুযোগই পাননি, নিজেদের এলাকার উন্নয়নেও সরাসরি ভূমিকা রাখার সুযোগ পেয়েছেন।
শনিবার (১৬ মে) বিকেলে প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
শ্রমিক জসিম কাজী, আবুল গাজী বলেন, বিশ্বখাল পুনঃখননের কারণে আমরা মাটি কাটার সুযোগ পেয়েছি। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখবো ও কথা বলবো, এটা আমাদের জন্য অনেক আনন্দের।
স্থানীয় শ্রমিক খোকন গাজী বলেন, আমরা ঘোষেরহাট এলাকার বাসিন্দা হওয়ায় খালটির দুর্ভোগ দীর্ঘদিন ধরে নিজের চোখে দেখেছি। তাই খাল পুনঃখননের কাজকে আমরা শুধু সরকারি প্রকল্প হিসেবে দেখছেন না, বরং নিজেদের ভবিষ্যৎ ও এলাকার উন্নয়নের অংশ হিসেবেই দেখছেন।
শ্রমিকরা জসিম কাজী বলেন, আমরা কী পেলাম সেটা বড় বিষয় নয়। খাল খননের মাধ্যমে আমরা নিজেরাই নিজেদের উপকার করছি। জলাবদ্ধতা কমবে, কৃষিকাজে সুবিধা হবে, এলাকার মানুষ উপকৃত হবে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামিউল হিকমা জানান, চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখননে ৩০ জন স্থানীয় কৃষক শ্রমিক কাজ করবে। সব মিলিয়ে বিশ্বখাল পুনঃখননে দেড় শতাধিক লোক নিয়োজিত থাকবে। এখান থেকে কিছু শ্রমিক আলাদাভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে খাল খনন করার সুযোগ পাবেন।
শরীফুল ইসলাম/এমএন/এএসএম