পবিপ্রবিতে অষ্টম দিনের কর্মবিরতি, ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৮ মে ২০২৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ এবং আন্দোলনরত শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে অষ্টম দিনের মতো এ কর্মসূচি পালন করছেন তারা।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে দিনের আন্দোলন শুরু হয়। পরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আন্দোলনকারীরা উপাচার্যের অপসারণ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে আন্দোলনকারীরা আবার প্রশাসনিক ভবনের সামনে সমবেত হন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি ও আন্দোলন চলমান থাকবে।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক অস্থিরতা, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চলছিল। এসবের প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনে নামেন।

এর আগে চলমান আন্দোলনের প্রথম দিন শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে বহিরাগতরা হামলা চালায়। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। ওই ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে।

আন্দোলনকারীরা জানান, হামলার ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তবে হামলার মূল পরিকল্পনাকারী ও জড়িতদের সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মাহমুদ হাসান রায়হান/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।