পুত্রবধূকে উত্যক্তের প্রতিবাদে শাশুড়িকে জখম


প্রকাশিত: ০৬:০১ এএম, ১৫ জুন ২০১৫
প্রতীকী ছবি

ফটিকছড়িতে পুত্রবধূকে উত্যক্তের প্রতিবাদ করায় শাশুড়িকে পিটিয়ে আহত করেছেন এক যুবক।  রোববার রাতে উপজেলার ভূজপুর থানাধীন হেয়াকোঁ এলাকায় এ ঘটনা ঘটে।  উত্যক্তকারী যুবক কামালের এলোপাথাড়ি প্রহারে শাশুড়ি আনোয়ারা (৩৫) গুরুতর আহত হয়েছেন।

আনোয়ারার স্বামী আক্কাস মিঞা জাগো নিউজকে জানান, স্থানীয় চাঁদাবাজ ও লম্পট কামাল দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে উত্যক্ত করে আসছিলেন। হেয়াকোঁ কড়ই বাগানের নির্জন এলাকার বাসিন্দা ভূমিহীন আনোয়ারা।

আনোয়ারার বাড়ি ভিটায় কামালের সরকারি সামাজিক বনায়নের জায়গা আছে দাবি করে তিনি সেখানে প্রায় সময় গিয়ে আনোয়ারাকে হুমকি ধামকি দিতেন।  এক পর্যায়ে তার পুত্রবধূর উপর কুনজর পড়ে কামালের।  তিনি বিভিন্ন সময় তার পুত্রবধূকে কুপ্রস্তাব দিতেন।  তার প্রস্তাবে রাজি না হওয়ায় আনোয়ারার নিকট চাঁদা দাবি করেন।  তার দাবিকৃত চাঁদা না পেয়ে কিছুদিন আগে রাতের বেলা লোকজন নিয়ে আনোয়ারাকে পিটিয়ে জখম করেন কামাল।  এ ঘটনায় আনোয়ারা ভূজপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।  আক্কাস জানায়, জেল থেকে জামিনে ছাড়া পেয়ে কামাল আরো বেপরোয়া হয়ে উঠেন।  এক পর্যায়ে আনোয়াকে সেখান থেকে উচ্ছেদ করার হুমকি দিতে থাকেন।

 সর্বশেষ গত সপ্তাহে ১৫/২০ জন লোক নিয়ে কামাল হেয়াকোঁ বিট কর্মকতাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে আনোয়ারার ঘর ভাঙতে যান।  স্থানীয় গণ্যমান্য ব্যক্তির হস্তক্ষেপে তাতে সফল হননি কামাল।

এদিকে গত শনিবার কামাল তার লোকজন নিয়ে আনোয়ারার বাড়িতে গিয়ে তার পুত্রবধূকে নানা ধরনের আপত্তিকর কথা বলতে থাকেন।  এসময় আনোয়ারা ও তার ছেলে বাড়িতে ছিলেন না।  রোববার এ খবর পেয়ে আনোয়ারা স্থানীয় হেয়াকো বাজারে কামালকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি ক্ষিপ্ত হয়ে আনোয়ারার উপর চড়াও হন।  একপর্যায়ে আনোয়ারাকে এলোপাথাড়ি প্রহার করতে থাকেন।  এসময় আনোয়ারা মাটিতে লুটিয়ে পড়েন।  এরপর আহতাবস্থায় আনোয়ারাও লাঠি নিয়ে কামালকে ধাওয়া করলে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

বর্তমানে আনোয়ারা আহত অবস্থায় একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তার স্বামী আক্কাস।  এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জানে আলম জাগো নিউজকে বলেন, তার চাঁদাবাজিতে স্থানীয় লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছেন।  এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

স্থানীয় সূত্র জানায়, নিজেকে কথিত সাংবাদিক পরিচয় দিয়ে কামাল এলাকায় ব্যাপক হারে চাঁদাবাজি করে বেড়াচ্ছেন।  স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব অপকর্ম করলেও এ নিয়ে কেউ টু শব্দ করতে পারে না।  কেউ প্রতিবাদ করলে উক্ত প্রভাবশালী মহলটি  প্রতিবাদকারীর উপর চড়াও হন।

এছাড়া এলাকার সরকারি রিজার্ভ ভূমি দখল করে বিক্রি করা হলো তার মূল কাজ।  এলাকায় কোনো মহিলা বা পুরুষ মারা গেলে তাকে টাকা দিতে হয় দাফন করার জন্য।  অন্যথায় তিনি ফটিকছড়িস্থ তার অনুসারীদের দিয়ে পত্রিকায় সংবাদ ছাপিয়ে দেবেন বলে হুমকি দেন।  গত শুক্রবারো স্থানীয় এক ট্রাক ড্রাইভারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় টাকা দাবি করেন কামাল।  এতে ট্রাক ড্রাইভাররা ক্ষিপ্ত হলে কামাল এ নিয়ে তার ফেইসবুকে নানা ধরনের মন্তব্য প্রচার করেন।

তার এহেন কর্মকাণ্ডে স্থানীয় জনগন অতিষ্ঠ হয়ে উঠেছেন।  এছাড়া গত সপ্তাহে তার বড় ভাইয়ের স্ত্রী  ছেলে মেয়েদেরও বেধড়ক পিটিয়ে আহত করেছেন বলে জানান তার বড় ভাই শফি।  বর্তমানে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে বিচারাধীন আছে বলে জানান স্থানীয় এক ইউপি সদস্য।  

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।