রাজশাহীতে সমাবেশ শুরুর আগেই ১১ দলের নেতাকর্মীদের ঢল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১৬ মে ২০২৬

রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ শুরুর আগেই সমাবেশস্থলে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ঢল নেমেছে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত এ সমাবেশ আজ শনিবার (১৬ মে) বিকেল ৩টায় নগরীর মাদরাসা মাঠে শুরু হওয়ার কথা রয়েছে।

দুপুর দেড়টার দিকে সমাবেশস্থল ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগে থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা মাঠে প্রবেশ করছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

সমাবেশে অংশ নিতে নাটোর থেকে আসা নজরুল ইসলাম বলেন, জনগণের অধিকার আদায় ও দেশের স্বার্থ রক্ষার দাবিতে আমরা এখানে এসেছি। শান্তিপূর্ণভাবে আমাদের দাবি তুলে ধরতেই এই সমাবেশে যোগ দিয়েছি।

রাজশাহীতে সমাবেশ শুরু হওয়ার আগেই ১১ দলের নেতাকর্মীদের ঢল

গোদাগাড়ী থেকে আগত ফকির নজরুল বলেন, পদ্মার পানির ন্যায্য হিস্যা ও মানুষের দুর্ভোগ কমানোর দাবিতে আমরা একত্রিত হয়েছি। জনগণের স্বার্থে এ আন্দোলন চলবে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে সমাবেশে আসা আব্দুল কাদের বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য আমরা রাজশাহীতে এসেছি। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানাই।

এদিকে সকাল ৮টার দিকে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রাজশাহীতে পৌঁছান বিরোধী দলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন রফিকুল ইসলাম খান।

রাজশাহীতে সমাবেশ শুরু হওয়ার আগেই ১১ দলের নেতাকর্মীদের ঢল

এছাড়াও সমাবেশে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি এনসিপির একাধিক নেতাকর্মীকেও রাজশাহীতে আসতে দেখা গেছে।

সমাবেশকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আয়োজকদের দাবি, বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশটি বড় ধরনের জনসমাগমে পরিণত হবে।

মনির হোসেন মাহিন/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।