বিজিবি সদস্য অপহরণ : পতাকা বৈঠকে সাড়া নেই মিয়ানমারের


প্রকাশিত: ০৬:০৬ এএম, ১৮ জুন ২০১৫

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি কর্তৃক অপহৃত বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে ফেরত  চাওয়ার বিষয়ে পাঠানো পতাকা বৈঠকের অনুরোধে সাড়া দিচ্ছে না মিয়ানমার। বৃহস্পতিবার সকাল ১০টায় টেকনাফ স্থলবন্দর রেস্ট হাউজে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা থাকলেও এখনো কোনো সাড়া মেলেনি। ফলে নায়েক আবদুর রাজ্জাকের ফেরার বিষয়টি অনিশ্চিত অবস্থায় রয়েছে।

বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান জাগো নিউজকে বলেন, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) বৃহস্পতিবার সকাল ১০টায় বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে বসতে চেয়েছিল। কিন্তু তাদের পক্ষ থেকে এখনো কোনো সবুজ সঙ্কেত মেলেনি। আমরা এখনো তাদের (বিজিপি) অপেক্ষায় আছি।

কর্নেল আনিস আরো বলেন, বিজিবি সদস্য নায়েক আবদুর রাজ্জাক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হেফাজতে রয়েছেন। তিনি নিরাপদ ও সুস্থ আছেন।

উল্লেখ্য, প্রতিদিনের মতো বিজিবির সদস্যরা বুধবার সকালে দমমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়া নামক স্থানে টহল দিচ্ছিলেন। ওই সময় একদল চোরাকারবারীকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। একপর্যায়ে চোরাকারবারীরা বিজিবির আওতার বাইরে চলে যান। এসময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বিজিবির টহল দলের উপর গুলিবর্ষণ করেন। এতে বিপ্লব নামে এক সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনায় বিজিবির নায়েক আবদুর রাজ্জাক নামে এক সদস্য নাফ নদীতে পড়ে গেলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে যান।

এদিকে গত ১৪ জুন বিজিবি-বিজিপির পতাকা বৈঠকে সীমান্তে সৌহার্দপূর্ণ সহাবস্থান নিশ্চিতে অহেতুক গুলিবর্ষন থেকে বিরত থাকার অঙ্গীকার করার ৩ দিনের মাথায় বিজিপির এমন আচরণে কক্সবাজারের সর্বত্র  সমালোচনার ঝড় বইছে। পাশাপাশি সীমান্তের লোকজনের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ।

সায়ীদ আলমগীর/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।