বিজিবি নায়েককে এখনো ফেরত দেয়নি বিজিপি


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ১৯ জুন ২০১৫

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) কর্তৃক অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তাকে ফেরত দেবার বিষয়ে পতাকা বৈঠকে কোনোমতেই সাড়া দিচ্ছে না মায়ানমার।

বৃহস্পতিবার সকালে টেকনাফ স্থলবন্দর রেস্ট হাউজে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা ছিল। পুরো দিন মায়ানমারের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল বিজিবি। তারপরও কোনো সাড়া মিলেনি। এছাড়া শুক্রবার দুপুর ১২টা পর্যন্তও পতাকা বৈঠকের ব্যাপারে কিছুই জানায়নি মায়ানমার। বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল আনিসুর রহমান এমনটি জানিয়েছেন।

কর্নেল আনিস জাগো নিউজকে বলেন, আমরা সার্বক্ষণিক বিজিপির সঙ্গে যোগাযোগ রাখছি। পতাকা বৈঠকের আহ্বান জানাচ্ছি। তারা সাড়া দিলেই যে কোনো মূহুর্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

তার মতে, বিজিবি সদস্য নায়েক আবদুর রাজ্জাক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হেফাজতে রয়েছে। তিনি নিরাপদ ও সুস্থ আছেন।

উল্লেখ্য, প্রতিদিনের মতো বিজিবির সদস্যরা বুধবার সকালে দমমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়া নামক স্থানে টহল দিচ্ছিলেন। ওই সময় একদল চোরকারবারীকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। একপর্যায়ে চোরকারবারীরা বিজিবি’র আওতার বাইরে চলে যায়। এসময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বিজিবি’র টহল দলের উপর গুলিবর্ষণ করে। এতে বিপ্লব নামে এক সদস্য গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় বিজিবি’র নায়েক আবদুর রাজ্জাক নামে এক সদস্য নাফ নদীতে পড়ে গেলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যায়।

সায়ীদ আলমগীর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।