সোনারগাঁয়ে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১১ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এর আগে মঙ্গলবার সোনারগাঁ স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালুর নেতৃত্বে আয়োজিত মিছিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়। ওই সময় দুটি ককটেলসহ দুই স্বেচ্ছাসেবক দলের কর্মীকে আটক করে পুলিশ।

সোনারগাঁ থানায় দায়ের করা মামলা থেকে জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। তারই প্রতিবাদে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম-মহাসড়কের কাঁচপুর মোড়ে মঙ্গলবার দুপুরে মিছিল বের করে। মিছিলে সোনারগাঁ থানা পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। মিছিল চলাকালে বিএনপির নেতাকর্মীরা ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিএনপি নেতাকর্মীদের ইটপাটকেলে সোনারগাঁ থানার এসআই মনিরুজ্জামান, কনস্টেবল আলমগীর ও ফয়সালসহ চার পুলিশ সদস্য আহত হয়। মিছিল থেকে দুটি লাল কস্টেপে মোড়ানো ককটেল উদ্ধার করে পুলিশ। এ সময় শাহজাহান ও সাখাওয়াত নামের দুই বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) সোয়েব খাঁন বলেন, কাঁচপুরে বিএনপি নেতাকর্মীরা আকস্মিকভাবে পুলিশের ওপর আক্রমণ করে এবং পুলিশের কাজে বাধা দেয়। তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। তাছাড়া ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করার কারণে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।