উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৫৫ এএম, ৩০ অক্টোবর ২০১৭

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাগান এলাকায় অভিযান চালিয়ে পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র‌্যাব। রোববার দিবাগত রাত ১টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় আটকদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় তৈরি বেশ কয়েকটি রামদা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- মিয়ানমারের আকিয়াব মংডুর সিতাপুর এলাকার ওসমান গনীর ছেলে আবু বকর সিদ্দিক (২০), মংডুর টমবাজার এলাকার মৃত আজগর আলীর ছেলে মো. আনোয়ার (২০) ফকিরা বাজার এলাকার হোসেন আহমরে ছেলে মো. ফারুক (২২), চালিপ্রাং এলাকার মৃত হাসান শরিফের ছেলে ইমরান (২২), রাবিল্লা এলাকার হাবিব আহমদের ছেলে খায়ের মোহাম্মদ (২০)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন বাগান এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে রোববার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় ধাওয়া করে পাঁচজনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়। পরবর্তীতে আটকদের কাছ থেকে দেশীয় তৈরি ৫টি রামদা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুতুপালং এবং পার্শ্ববর্তী বালুখালী শরণার্থী ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা বলে দাবি করেছে। বিভিন্ন সময়ে তারা উক্ত এলাকায় ডাকাতি এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের লোকজনকে জিম্মি করে টাকা আদায় করত বলেও স্বীকার করেছে। সংশ্লিষ্ট ধারায় মামলা করে তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান মেজর রুহুল আমিন।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।