যশোরে ছাত্রলীগ নেতা ইমন হত্যার ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ৩১ অক্টোবর ২০১৭

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমন হত্যার তিন দিন পর এ ঘটনায় মামলা হয়েছে। নিহত ইমনের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার যশোর কোতয়ালি থানায় অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

গত ২৮ অক্টোবর রাতে শহরের বেজপাড়া গোলগোল্লা মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মনোয়ার হোসেন ইমন। এ হত্যার ঘটনায় যশোরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ড নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। হত্যাকাণ্ডের তিনদিন পর ইমনের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করেছেন।

এ প্রসঙ্গে যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, ইমনের বাবা অজ্ঞাত ১০/১২জনের বিরুদ্ধে এজাহার দিয়েছে। মঙ্গলবার বিকেলে মামলা রেকর্ড করা হয়েছে। খুনের রহস্য উন্মোচনে পুলিশ তৎপর রয়েছে।

এদিকে ইমন হত্যার প্রতিবাদে যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। মঙ্গলবার সকালে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ, যশোর সরকারি সিটি কলেজ, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, ডা. আবদুর রাজ্জাক মিনিউসিপ্যাল কলেজ, যশোর মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

মিলন রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।